| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদে সই করা উচিত এনসিপির: সুব্রত চৌধুরী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:৪৭:১৮:পূর্বাহ্ন  |  ১৮১৮০৮৮ বার পঠিত
জুলাই সনদে সই করা উচিত এনসিপির: সুব্রত চৌধুরী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উচিত দরকষাকষি না করে জুলাই সনদে সই করা। তাছাড়া, শেখ হাসিনা যে জুলাই অভ্যুত্থানকে সহিংস আন্দোলন বলেছেন, তা হাস্যকর ও ছেলেমানুষি বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘জুলাই সনদ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিএনপি ও জামায়াতের মধ্যে গণভোট ইস্যুতে মতভেদ থাকলেও সংঘাতের আশঙ্কা নেই। ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন তাদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় নির্বাচনে যদি ৭০ শতাংশ ভোট পড়ে, সেটাই হবে অংশগ্রহণমূলক নির্বাচন।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে মনোনয়ন ও পদবাণিজ্য বন্ধ করতে হবে। সংস্কার ও গণতন্ত্রায়নের মাধ্যমে মেধাবীদের নিয়ে একটি কার্যকর সংসদ গঠন করা জরুরি।

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই যোদ্ধারা জুলাই সনদে স্বাক্ষর না করে দ্বিচারিতা করছেন। অন্তর্বর্তী সরকার কিছু তরুণকে সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে; তারা ডিসি ও ইউএনও অফিসে খবরদারি করছে—সরকারের ভেতরে আরেক সরকার তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহতভাবে চলবে। তিনি যে সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানকে সহিংস আন্দোলন বলেছেন, তা সম্পূর্ণ হাস্যকর। সে যে গণহত্যা করে পালিয়েছে, ভারতকে আহ্বান জানাব— তাকে আশ্রয় দিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেবেন না; তাকে থামান, যোগ করেন সুব্রত চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র–জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ।

তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যের কারণে ঐক্যের বাংলাদেশ এখন অনৈক্যের মুখে। জুলাইয়ের চেতনা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে, অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হবে—এই দায় কেউ এড়াতে পারবে না।

কিরণ আরও বলেন, দেশে এখন ত্রিমুখী রাজনৈতিক লড়াই চলছে। বিদেশি ও দেশি অপশক্তি আসন্ন নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা করছে। তাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য এখন সময়ের দাবি।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে আইনি কাঠামোর চেয়ে রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজকে পরাজিত করে প্রথম স্থান অর্জন করে।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সিনিয়র সাংবাদিক মঈনুল আলম, সাংবাদিক আসিফ সুমিত ও সাংবাদিক লামিয়া তিথি। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪