রিপোর্টার্স২৪ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন। আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগের গুঞ্জন উঠেছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় থেকে জরুরি প্রেস ব্রিফিং ব্রিফিংয়ের কথা জানানো হয়েছে।
এদিকে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন আছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলেও গুঞ্জন উঠেছে। ইতোমধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।
তবে পদত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: সালাউদ্দিন।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের অন্য যে কোনো পদে থেকে কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের উপদেষ্টা বা অন্য যে কোনো পদে থেকে কেউ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারা নিজেরা যেমন নির্বাচনের প্রার্থী হতে পারবেন না, এমনকি কোনো প্রার্থীর পক্ষে ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না।
উপদেষ্টা পদে থেকে যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই সেজন্য এই পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন