| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার পাকিস্তানি নায়িকার প্রেমে পড়বেন শাকিব খান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ১৭:৩৫:৪৬:অপরাহ্ন  |  ৫৭ বার পঠিত
এবার পাকিস্তানি নায়িকার প্রেমে পড়বেন শাকিব খান

বিনোদন ডেস্ক: অ্যাকশন, প্রতিশোধ আর রকস্টারের চরিত্রে একের পর এক চমক দেখানোর পর এবার প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর নতুন সিনেমার নাম ‘মহব্বত’। আর এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে পাকিস্তানের একজন অভিনেত্রীকে। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করবেন ‘প্রিয়তমা’খ্যাত নির্মাতা হিমেল আশরাফ।

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।’

শুধু দুই দেশের চলচ্চিত্রশিল্পের যৌথ উদ্যোগই নয়, পাকিস্তানের সিনেমার বাজার ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়েও আশাবাদী শাকিব। দেশটির চলচ্চিত্র বাজারের আকার তুলে ধরে তিনি বলেন, ‘আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা নাকি ১ হাজার ২০০। তাদের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে, যা সত্যিই দারুণ ব্যাপার। আমরাও সেই জায়গায় পিছিয়ে থাকব না।’

শাকিবের এই বক্তব্যে স্পষ্ট, ‘মহব্বত’ শুধু একটি নতুন প্রেমের সিনেমা নয়, বরং দুই দেশের চলচ্চিত্রশিল্পের মধ্যে ব্যবসায়িক ও সৃজনশীল সম্পর্ক তৈরিরও একটি উদ্যোগ হতে যাচ্ছে।

গত কয়েক বছরে একের পর এক অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন শাকিব খান। ‘তুফান’, ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’—প্রতিটি সিনেমাতেই ছিল তাঁর মারকুটে উপস্থিতি। অ্যাকশন, উত্তেজনা ও প্রতিশোধের গল্পে দর্শকদের মন জয় করেছেন তিনি।

অন্যদিকে, কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় গায়কের চরিত্রে অভিনয় করেও আলোচনায় আসেন এই অভিনেতা। অ্যাকশন ঘরানার বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের এই ধারাবাহিকতায় এবার তাঁকে দেখা যাবে রোমান্টিক গল্পে।

শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’ পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। প্রেমের গল্প নির্মাণে তাঁর অভিজ্ঞতাও রয়েছে। এর আগে তাঁর পরিচালনায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি ব্যাপক সাফল্য পেয়েছিল। সিনেমাটির গল্প, গান ও শাকিবের অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

এরপর একই নির্মাতার ‘রাজকুমার’ সিনেমাতেও শাকিবের অভিনয় দর্শকদের আগ্রহ তৈরি করে। এবার আবারও এই সফল জুটি একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে এবার গল্পের পরিসর আরও বড়, কারণ এতে যুক্ত হচ্ছে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প।

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের সমন্বয়ে নির্মিতব্য ‘মহব্বত’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে শাকিবের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কে থাকছেন, দুই দেশের শিল্পীদের রসায়ন পর্দায় কেমন হবে এবং সিনেমাটির গল্প কতটা আন্তর্জাতিক আবেদন তৈরি করতে পারবে—এসব বিষয় নিয়েই এখন আগ্রহ সিনেমাপ্রেমীদের।

অ্যাকশন ও প্রতিশোধের গল্পের পর এবার প্রেমের আবহে শাকিব খানের প্রত্যাবর্তন কতটা সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪