গোপালগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গোপালগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার নেতৃত্বে এই কর্মসূচিতে জামায়াতসহ সহযোগী সংগঠনের সহস্রাধিক কর্মী ও সমর্থক অংশ নেন।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের গেটপাড়া এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর উন্মুক্ত মঞ্চে পৌঁছে, যেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোপালগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ, গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার, এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আল-মাসুদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালক সমশের মোল্লা।
বক্তারা তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, “চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই।” তারা আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
রিপোর্টার্স২৪/আয়েশা