রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়।
শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ নির্বাচনের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এসব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
পরিপত্রে আরও নির্দেশ দেয়া হয়েছে, প্রয়োজন অনুযায়ী অফিস সময়ের পরেও অফিস খোলা রাখার ব্যবস্থা নিতে হবে। তবে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেল ৫টার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
এ ব্যবস্থা নির্বাচনের কার্যক্রম দ্রুত, সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে গ্রহণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা