| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৩, ২০২৫ ইং | ০৪:৩৪:৪১:পূর্বাহ্ন  |  ১৬৯৬৭১১ বার পঠিত
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন আজ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম রয়েছেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বিভিন্ন গ্রাউন্ড উপস্থাপন করে তাদের মক্কেলদের মুক্তির আবেদন করেন। তবে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরুর জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন।

মামলায় পলাতক থাকা অন্য আসামিরা হলেন, শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

২০১৫ সাল থেকে টিএফআই সেল সংক্রান্ত অভিযোগগুলো মামলার রূপ পেতে শুরু করে। এর আগে ৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। প্রসিকিউটর বলেন, গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য নির্ধারণ করা হতো—কতৃপক্ষের সদিচ্ছার ওপর ভিত্তি করে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হতো বা কয়েক বছর ধরে অজ্ঞাত স্থানে রাখা হতো।

এ মামলায় গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পলাতক আসামিদের হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়। ৮ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছিল। এরপর ট্রাইব্যুনাল ১৭ আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪