সিনিয়র রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন ও বিচার শুরুর আদেশ দিয়েছেন।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউসন পক্ষে চারটি অভিযোগ এনে অভিযোগ গঠনের প্রার্থনা করেন। অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আদেশ দেন। মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
১৭ আসামিরা হলেন: (গ্রেপ্তার হওয়া ১০ সেনা কর্মকর্তা) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার,মো. কামরুল হাসান,মো. মাহাবুব আলম,কে এম আজাদ,কর্নেল আবদুল্লাহ আল মোমেন,আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে),লে. কর্নেল মো. মশিউর রহমান,সাইফুল ইসলাম সুমন,মো. সারওয়ার বিন কাশেম।
পলাতক ৭ আসামির মধ্যে রয়েছেন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।
রিপোর্টার্স২৪/এসসি