রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আজই শেষ সুযোগ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। নির্ধারিত সময় পার হলে আর কোনো প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সব রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন গত ১৮ ডিসেম্বর তফসিল-সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এতে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আপিল দায়েরের সময় দুই দিন কমানো হলেও আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে।
নতুন তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। বাছাইয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা হবে।
রিপোর্টার্স২৪/ঝুম