আশিস গুপ্ত, নতুন দিল্লি : সীমান্তবর্তী অঞ্চলে বেআইনি গ্রেফতার ও জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানাল পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম )। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন সীমান্তবর্তী রাজ্যে (গুজরাত, রাজস্থান, উড়িষ্যা, আসাম প্রভৃতি) স্থানীয় পুলিশ ও বিএসএফ-এর যৌথ মদতে নির্বিচারে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষদের আটক করে তাদের কোনো বিচারপ্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে—এমনই এক ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
মাসুম জানিয়েছে, ধৃত ব্যক্তিদের আদালতে তোলা হচ্ছে না, তাদের আইনগত সহায়তার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং চোখ বেঁধে সীমান্তের ওপারে ফেলে দেওয়া হচ্ছে—যা ভারতের সংবিধান, ফৌজদারি বিচারব্যবস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির সরাসরি লঙ্ঘন।
সংগঠনটি আরও জানিয়েছে, এই অভিযানের লক্ষ্যস্থলে নির্দিষ্ট একটি ধর্মীয় গোষ্ঠী, মূলত মুসলিম সম্প্রদায়, যাদের বিরুদ্ধে ‘জাতীয় নিরাপত্তা’র নামে ধর্মীয় বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষ করে কাশ্মীরের পাহালগামে জঙ্গি হামলার পর এবং সরকারের পাকিস্তান-বিরোধী মনোভাবের প্রেক্ষাপটে, এই ধরপাকড় একটি প্রতিহিংসামূলক এবং পক্ষপাতদুষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে রূপ নিয়েছে।
মাসুম -এর বক্তব্য, “এই ধরনের দমনমূলক কর্মকাণ্ড একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নির্বিচারে গ্রেফতার, বেআইনি বহিষ্কার এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কেবল মানবাধিকারের লঙ্ঘন নয়, এটি মানবতার বিরুদ্ধেই এক জঘন্য অপরাধ।” সংগঠনের দাবি: এই বেআইনি কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে।একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে।যেই কর্মকর্তা বা সংস্থা এতে যুক্ত থাকুক না কেন, তাদের পদমর্যাদা নির্বিশেষে বিচারের আওতায় আনতে হবে। জাতীয় মানবাধিকার কমিশন, বিচারব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যমকে এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার অনুরোধ জানানো হচ্ছে।
মাসুম -এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ন্যায়বিচার কখনোই নির্বাচনী সুবিধার বিষয় হতে পারে না—এটি প্রতিটি নাগরিকের অপরিহার্য ও নিশ্চিত অধিকার হওয়া উচিত।
এই প্রেক্ষাপটে, মানবাধিকার সংগঠনগুলি, নাগরিক সমাজ এবং মিডিয়াকে এই অন্যায়ের বিরুদ্ধে একত্রে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। গণতন্ত্রে আইন ও মানবাধিকারের সমান প্রয়োগ নিশ্চিত না হলে, রাষ্ট্রের নৈতিক ভিত্তি চরম সংকটে পড়বে বলেও সতর্ক করেছে মাসুম ।
রিপোর্টাস২৪/এসএমএন