রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ঢাকাকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান অবস্থায় শহরটি যেভাবে আছে, সেভাবে থাকলে এটি বাসযোগ্য হবে না। তাই ঢাকাবাসীর সহযোগিতা অত্যন্ত জরুরি।
শুক্রবার (২ জানুয়ারি) বিকালে নয়াবাজারে ঢাকা সমিতির কার্যালয়ে পুরান ঢাকার পরিকল্পিত আবাসিক উন্নয়ন বিষয়ে রাজউকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা সমিতির সভাপতি হাজী মো. ইসমাইল নওয়াব, সহ-সভাপতি এসএম নাজিমদ্দিন, উপদেষ্টা হাসেম সুফি, মহাসচিব আবু মোতালেবসহ অনেকে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “নতুন বিল্ডিং নির্মাণ বা পুরাতন ভবনের সংস্কারের সময় রাজউকের সঙ্গে ঢাকা সমিতির মাধ্যমে যোগাযোগ করুন। আমরা সহযোগিতা দেব। ঢাকাকে আধুনিক, বাসযোগ্য এবং ঐতিহ্যবাহী নগরী হিসেবে গড়ে তুলতে পার্টনারশিপে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, শহরের হেরিটেজ বিল্ডিং সংরক্ষণ এবং নতুন বাড়িঘর পরিকল্পনায় সমিতিকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এছাড়া, রাজউক এবং ঢাকাবাসীর সঙ্গে একটি কমিটি গঠন করে পাইলট প্রকল্পের মাধ্যমে শহরের উন্নয়ন কাজ শুরু করা যেতে পারে।
ঢাকা সমিতির মহাসচিব আবু মোতালেব বলেন, “রাজউককে ঢাকাবাসীর বিশ্বাস অর্জন করতে হবে। পাইলট প্রকল্পে কাজ দেখিয়ে তারপর বৃহত্তর উদ্যোগ নেওয়া উচিত। আমরা রাজউকের সঙ্গে পার্টনারশিপে কাজ করতে প্রস্তুত।”
রিপোর্টার্স২৪/ আয়েশা