স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানকালে উদ্ধার করা অস্ত্র এবং মাদক চক্রটি এলাকার ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিতে ব্যবহার করত।
র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির জানান, গ্রেপ্তারকৃতরা হলেন মো. জুয়েল আরমান হ্যাচকা আরমান (২৬), মো. রিপন কেনি (৩৫), মো. জাহিদ (২৭) এবং মো. আরমান হোসেন (৩১)।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে র্যাব দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী চক্র দমন অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবীতে আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালানো হয়।
অভিযানকালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় র্যাব চারজনকে গ্রেপ্তার করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড তাজা গুলি, চারটি দেশীয় অস্ত্র এবং ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়।
শাহাবুদ্দিন কবির জানান, অভিযুক্তদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। এই চক্রের বিরুদ্ধে ধারাবাহিক মামলা রয়েছে ২০১৭ সাল থেকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি