স্টাফ রিপোর্টার: পূর্বাচলের বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আধুনিক ও বিদেশি পণ্যের ভিড়ের মধ্যেও আলাদা করে নজর কাড়ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির তৈরি গৃহস্থালি ও শৌখিন সামগ্রী। ক্রেতাদের আগ্রহ প্রমাণ করছে—মৃৎশিল্পের আবেদন এখনও অটুট।
মেলার মূল ভবনের দক্ষিণ-পশ্চিম কর্ণারে অবস্থিত শাহপরান মৃৎশিল্পের প্যাভিলিয়নে দেখা যাচ্ছে মাটির প্লেট, কাপ-পিরিচ, হাঁড়ি, ফুলদানি, ল্যাম্প, পুতুল ও নানা শোপিস। নানান রঙ ও নকশার এসব পণ্যের সামনে থেমে যাচ্ছেন দর্শনার্থীরা, অনেকেই কিনে নিচ্ছেন পছন্দের সামগ্রী।
ক্রেতা শামিমা বেগম বলেন, মাটির জিনিস প্লাস্টিকের তুলনায় স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন। স্কুলশিক্ষক মোতাহার হোসেন জানান, অল্প খরচে ঘর সাজাতে মাটির শোপিস দারুণ কার্যকর।
স্টলের বিক্রয় প্রতিনিধি শোয়েব আহমেদ জানান, মেলার তৃতীয় দিন থেকে বিক্রি বাড়তে শুরু করেছে। স্টলের মালিক শাহপরান বলেন, ৮৫০ ডিগ্রি সেলসিয়াসে পোড়ানো এসব পণ্য টেকসই এবং তরুণদের মধ্যে চাহিদা বেশি। কাপ-পিরিচ ১০০–১৫০ টাকা, হাঁড়ি ২০০–৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, এবারের বাণিজ্যমেলায় ৩২৭টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। দর্শনার্থীদের জন্য বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস চলাচল করছে।
রিপোর্টার্স২৪/বাবি