স্টাফ রিপোর্টার: নির্বাচনি প্রক্রিয়া ও গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা জোরদারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৬ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
এদিন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৫০০ আলেমের সঙ্গে পৃথক বৈঠক করা হয়েছে। এসব বৈঠকে গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরা হলে ধর্মীয় নেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তিনি জানান, দেশে প্রায় চার লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে ঢাকায় প্রায় চার হাজার। এসব মসজিদের ইমামদের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি হিন্দু, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মন্দির, গির্জা ও উপাসনালয়ের ভূমিকাও গুরুত্ব পায়।
বৈঠকে দেশের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও প্রায় ৭৭ হাজার মক্তবের শিক্ষকদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়। গণভোটে অংশগ্রহণ বাড়াতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব।
রিপোর্টার্স২৪/বাবি