| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আপিল শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরল, বাতিল বহাল ১৬ জনের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২০:১৯:০২:অপরাহ্ন  |  29084 বার পঠিত
আপিল শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরল, বাতিল বহাল ১৬ জনের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে প্রথম দিনেই ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ১৬ জনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এছাড়া তিনজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর পুনরায় শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির প্রথম দিনে এসব সিদ্ধান্ত জানায় কমিশন।

ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। প্রথম দিনে মোট ৭০ জন প্রার্থীকে আপিল শুনানির জন্য ডাকা হয়। শুনানি শেষে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, তিনজনের বিষয় অপেক্ষমাণ রাখা হয় এবং বাকি আবেদনগুলো নামঞ্জুর করা হয়।

এর আগে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় গত ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল আবেদন গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি তা শেষ হয়।

শনিবার সকাল ১০টা থেকে কমিশনে আনুষ্ঠানিকভাবে আপিল শুনানি শুরু হয়েছে। এই শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামী রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪