| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সারাদেশে ৫ খুন!

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২৩:১৯:৪৭:অপরাহ্ন  |  28590 বার পঠিত
আজ সারাদেশে ৫ খুন!
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: আজ সারাদেশে ৫টি খুনের ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যাচ্ছে: চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া কুড়িগ্রাম, বরগুনা, কিশোরগঞ্জ ও রাঙ্গুনিয়ায় আরও চার খুনের ঘটনা ঘটনা ঘটেছে । 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘিরপাড় এলাকায় গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, কয়েকজন সশস্ত্র বহিরাগত ব্যক্তি জামাল উদ্দিন (৩২) নামের এক যুবককে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়।

এই হামলায় আরও একজন গুলিবিদ্ধ হন। ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিমউদ্দিন জানান, নিহত জামাল উদ্দিন ছাত্রশিবিরের কর্মী ছিলেন। ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামে গণপিটুনিতে যুবক নিহত

কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর ফারাজিপাড়া এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে ওই যুবক চুরি করতে এসেছেন—এমন সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

বরগুনায় পারিবারিক বিরোধে চাচাতো ভাই খুন

বরগুনার আমতলী উপজেলার তক্তাবুনিয়া গ্রামে দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে চাচাতো ভাই জহিরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মো. মুনসুর সিকদার (৬৫) নামের এক ব্যক্তিকে ছুরিসহ আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও থানায় আনা হয়েছে। আমতলী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মণ্ডলভোগ গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. বজলুর রহমান (৬০)। কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় দিনমজুর নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীরেরখীল এলাকায় প্রতিপক্ষের হামলায় দিনমজুর শামসুল আলম (৫৮) নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে হামলার শিকার হয়ে তিনি গুরুতর আহত হন। পরদিন শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামসুল আলম মৃত ইছু মিয়ার ছেলে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪