| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ০৯:১১:৪৫:পূর্বাহ্ন  |  ১৬১৩৩৩৮ বার পঠিত
জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখতে হাইকোর্টের রুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে কি না, সে বিষয়েও রুল জারি করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

এর আগে গত ৭ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির একাংশ (আনিসুল ইসলাম মাহমুদ) এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন বিষয়টি পরবর্তী শুনানির জন্য ১১ জানুয়ারি পর্যন্ত স্ট্যান্ডওভার করেন হাইকোর্ট। আজ রোববার শুনানি শেষে আদালত রুল জারি করেন।

ভোলার বাসিন্দা ও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আবদুল্লাহ আল মাহমুদ গত ৪ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এসব প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন।

অন্যদিকে, জাতীয় পার্টির একাংশ (আনিসুল ইসলাম মাহমুদ) ও জাতীয় পার্টি (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ১১৯টি আসনে মোট ১৩১ জন প্রার্থী ঘোষণা করেছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

রিট দায়েরের কারণ ব্যাখ্যা করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট মহাজোট হিসেবে পরিচিত। জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে এ মহাজোটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এই মহাজোটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), তরিকত ফেডারেশনসহ মোট ১৪টি দল অন্তর্ভুক্ত ছিল। জাতিসংঘের প্রতিবেদনের আলোকে এসব দলও সংশ্লিষ্ট অপরাধে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

এই কারণে সংবিধানের ৬৬(২)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এসব দলের প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে দাবি করেন তিনি।

হাইকোর্টের রুলের মাধ্যমে সংশ্লিষ্ট বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন এসব রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখা হবে না এবং কেন তাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হবে না। রুলের ওপর শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন আদালত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪