রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো একজন আসামিকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত ব্যক্তি হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির পাটোয়ারী।
রোববার (১১ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শর্তসাপেক্ষে এ জামিন আদেশ দেন।
গুরুতর অসুস্থতার যুক্তি: ট্রাইব্যুনালে দাখিল করা জামিন আবেদনে হুমায়ুন কবিরের আইনজীবী জানান, তাঁর মক্কেল লিভার সিরোসিসে আক্রান্ত। একই রোগে তাঁর দুই ভাই মৃত্যুবরণ করেছেন বলেও উল্লেখ করা হয়। আসামির শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে জামিন প্রার্থনা করা হয়।
প্রসিকিউশনের বক্তব্য: আসামিপক্ষের আবেদনের পর প্রসিকিউশনের বক্তব্য জানতে চাইলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থতার বিষয়ে হাসপাতালের প্রতিবেদন দাখিল করা হয়েছে। সে কারণে জামিন আবেদনের বিরোধিতা করা যাচ্ছে না। তবে তদন্ত ও বিচারপ্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সেজন্য আসামি যাতে অন্য আসামিদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন—সে বিষয়ে ট্রাইব্যুনালকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
ট্রাইব্যুনালের শর্ত: উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন।
শর্তগুলো হলো: আসামিকে নির্ধারিত বাসার ঠিকানা ট্রাইব্যুনালে জমা দিতে হবে।
গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না।
তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে না জানিয়ে বাসা পরিবর্তন করা যাবে না। মামলার সাক্ষ্য-প্রমাণ প্রভাবিত করা যাবে না।
এই শর্তগুলোর কোনোটি ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়।
মামলার পটভূমি
জামিনপ্রাপ্ত হুমায়ুন কবির পাটোয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি একই উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
লক্ষ্মীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা অন্য একটি মামলায় তাঁকে ২০২৪ সালের আগস্ট মাসে প্রথম গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটি প্রথম জামিনের আদেশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/এসসি