স্পোর্টস ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সফরে না থাকা একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ফিরিয়ে এনে দল সাজিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের স্কোয়াডে পুনরায় জায়গা পেয়েছেন রুলফ ফন ডার মারউই, বাস ডি লিড, মিচেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশেট। বাংলাদেশ সিরিজে অনুপস্থিত থাকলেও বড় মঞ্চের অভিজ্ঞতা বিবেচনায় তাদের ওপর আবারও আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারমান। ২০২৪ সালের নভেম্বরে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর এবারই প্রথম এই ফরম্যাটের জাতীয় দলে সুযোগ পেলেন তিনি। একইভাবে ২০২৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন টিম ফন ডার গুগটেন। সম্প্রতি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১০ ম্যাচে ৬ উইকেট নিয়ে ভালো পারফরম্যান্স করেছেন ৩৪ বছর বয়সী এই পেসার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচ খেলার পর নতুন আসরের স্কোয়াডে ফেরানো হয়েছে লোগান ফন বিককে। নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে সাত ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নির্বাচকদের দৃষ্টি কাড়েন তিনি।
অন্যদিকে, বাংলাদেশ সিরিজে থাকা তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং এবারের বিশ্বকাপ দলে জায়গা পাননি। এছাড়া চেড্রিক ডে ল্যাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমাদ ও রায়ান ক্লেইনও স্কোয়াডের বাইরে রয়েছেন।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ডাচরা আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারমান, নোয়াহ ক্রোস, বাস ডি লিড, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রুলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।
রিপোর্টার্স২৪/ঝুম