রিপোর্টার্স২৪ডেস্ক: কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এই সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির সঙ্গে মোট ৬ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি করা হয়েছে। এর মধ্যে নিয়মিত সরবরাহের জন্য ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন,
এবং আপৎকালীন ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় ও দেশীয় কারখানায় উৎপাদন ঘাটতি হলে অতিরিক্ত ৩ লাখ মেট্রিক টন সার আমদানির ব্যবস্থা রাখা হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার। সেই হিসেবে বর্তমানে অনুমোদিত ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে এবং সারের সম্ভাব্য ঘাটতি এড়াতেই সরকার আগাম এই আমদানির উদ্যোগ নিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি