| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের গর্বিত অর্জন

একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৫:১১:৪৫:অপরাহ্ন  |  ১৫৮৭৯৫৯ বার পঠিত
একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক:  বিজয়ের মাসে বাংলাদেশ অর্জন করলো এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে পরিচালিত এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা। অভিযানে অংশ নেন প্রশিক্ষিত প্যারাট্রুপাররা, যাদের মধ্যে আশিক চৌধুরীসহ (বিডা) বিভিন্ন ইউনিটের সদস্যরা ছিলেন। পুরো পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম তত্ত্বাবধান করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, “Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” ক্যাটাগরিতে এই রেকর্ডটি অর্জন করেছে টিম বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিশিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার শক্তিশালী বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।


আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয় এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আকাশে উড্ডীন লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও সাহসিকতার পথে অনুপ্রাণিত করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪