স্টাফ রিপোর্টার: ভবিষ্যতে সভ্য ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গুলশানের ডিএনসিসি নগর ভবনে আয়োজিত ‘সবুজ ও টেকসই ঢাকা বিনির্মাণে তরুণদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শেষে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, ঢাকাকে জলবায়ুসহিষ্ণু ও ন্যায্য নগরে রূপান্তর করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নগর ব্যবস্থাপনায় তরুণরা যুক্ত হলে জনস্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা ও নগর নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে তাদের উদ্যম ও দক্ষতা কাজে লাগানো সম্ভব হবে।
আলোচনা সভায় তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রশাসক অংশগ্রহণমূলক নগর ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে একটি গবেষণা জরিপের তথ্য উপস্থাপন করা হয়, যেখানে দেখা যায়—শহরের প্রায় ৭০ শতাংশ তরুণ মনে করেন, নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের মতামত গুরুত্ব পাচ্ছে।
নগর উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ এজাজ বলেন, দেশে এখনো শক্তিশালী নগর প্রশাসন বা সিটি গভর্ন্যান্স কাঠামো গড়ে ওঠেনি। স্থানীয় সরকারব্যবস্থাকে আরও কার্যকর করতে মৌলিক নীতিগত পরিবর্তন প্রয়োজন।
বেসরকারি সংস্থা ব্রাইটার্সের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্ম তরুণদের সম্পৃক্ত করে একটি ন্যায়সঙ্গত, বাসযোগ্য ও টেকসই ঢাকা গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ জানিয়েছে ডিএনসিসি।
রিপোর্টার্স২৪/বাবি