সিনিয়র রিপোর্টার: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম্প) প্রকল্পের আওতায় পরিচালিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর সঙ্গে জলবায়ু বিষয়ক স্টাডি ও গবেষণা কার্যক্রম বাস্তবায়নে পাঁচটি পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠানগুলো জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন, গবেষণা, ডকুমেন্টেশন ও জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অবকাঠামো পরিকল্পনা ও বাস্তবায়ন আরও কার্যকর করা হবে।
চুক্তি অনুযায়ী পরামর্শক ফার্মগুলো বিদ্যমান নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আধুনিকায়ন ও উন্নত করবে। পাশাপাশি ভিডিও ডকুমেন্টারি ও প্রিন্ট উপকরণ তৈরির জন্য প্রয়োজনীয় ফ্যাক্টশিট প্রস্তুত করা হবে। বর্তমানে ব্যবহৃত প্রশিক্ষণ ম্যানুয়াল ও উপকরণকে ছয়টি অ্যানিমেটেড ও ইন্টারঅ্যাক্টিভ ই-লার্নিং কনটেন্টে রূপান্তর করা হবে।
এছাড়া র্যাপিড ক্লাইমেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট পরিচালনার মাধ্যমে দ্রুত জলবায়ু প্রভাব মূল্যায়ন করা হবে। জলবায়ু সহনশীলতা বিবেচনায় বিদ্যমান মানদণ্ড, পদ্ধতি ও নির্দেশিকাগুলোর সমন্বয় সাধন করা হবে। একই সঙ্গে গত ৩০ বছরে দেশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির একটি পূর্ণাঙ্গ ডাটাবেস প্রস্তুত করা হবে।
উপকূলীয় এলাকায় উপজেলা পর্যায়ে সময়ের সঙ্গে দুর্যোগের প্রকৃতি কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং ক্ষয়ক্ষতির হার বাড়ছে কি না, সে বিষয়েও বিস্তারিত বিশ্লেষণ করা হবে। পাইলট জেলা হিসেবে বরগুনা, ভোলা ও সাতক্ষীরায় রাস্তা, কালভার্টসহ অন্যান্য গ্রামীণ অবকাঠামো নির্মাণে ব্যবহৃত উপকরণ—ইট, বালু, সিমেন্ট ও বিশেষ মিশ্রণ—নিয়ে একটি সমন্বিত ও বাস্তব চিত্র তুলে ধরা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সৈয়দা আসমা খাতুন, ক্রিম্প প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও তন্ময় চক্রবর্তীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ পরামর্শক এবং পাঁচটি পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালকরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে গবেষণালব্ধ তথ্য ও জ্ঞানভিত্তিক পরিকল্পনার ওপর নির্ভর করে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল ও টেকসই অবকাঠামো উন্নয়ন আরও জোরদার হবে।
রিপোর্টার্স২৪/বাবি