রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন কর্তৃপক্ষের বিশেষ অভিযান ‘অপারেশন কুটিপ’-এ বাংলাদেশিসহ ১৫০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অভিযানের সময় প্রবাসীদের মধ্যে আতঙ্ক এবং মরিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ ছাদে উঠে পড়েছেন, কেউ পানির ট্যাঙ্কে লুকিয়েছেন, আবার কেউ দা ছুড়ে মারার চেষ্টা করেছেন।
অভিযান দুটি স্থানে পরিচালিত হয়, সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক ও জালান ক্লাং লামার একটি অবৈধ বসতি। দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সেলায়াং থেকে ৭৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। তারা মূলত সিকিউরিটি গার্ড, ফুড স্টল সহকারী, লন্ড্রি কর্মী, মুদি দোকানের কর্মচারী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। অধিকাংশ প্রবাসী অত্যন্ত ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন।
জালান ক্লাং লামার দ্বিতীয় অভিযানে ৭১ জন বিদেশিকে আটক করা হয়েছে। সেখানে মৌলিক সুযোগ-সুবিধা থাকলেও বাসিন্দারা অনানুষ্ঠানিকভাবে বসবাস করছিলেন, বৈধ বিদ্যুৎ সংযোগ ছিল না এবং বাড়ির মালিকদের সম্পর্কে জানা ছিল না।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি বলেন, এই ধরনের অভিযান চলতে থাকবে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি যারা তাদের নিয়োগ দিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আটককৃতদের ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় মামলা করা হয়েছে।
সূত্র: দ্য সান মালয়েশিয়া
রিপোর্টার্স২৪/ঝুম