| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পোস্টাল ভোটে ১৫ লাখের নিবন্ধন, যেভাবে ভোট দেবেন জানাল ইসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ২১:০০:২২:অপরাহ্ন  |  ১৫৭০৪১৩ বার পঠিত
পোস্টাল ভোটে ১৫ লাখের নিবন্ধন, যেভাবে ভোট দেবেন জানাল ইসি

রিপোর্টার্স২৪ডেস্ক: গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন, আর দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানানো হয়। ইসি কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো আইটি–সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চলে। এ সময়ের মধ্যে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী ও কারাবন্দি ভোটাররা দেশের ভেতর থেকে নিবন্ধন করেন, আর প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে নিবন্ধন সম্পন্ন করেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধন সম্পন্ন করা ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হচ্ছে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামে তা ডাকযোগে পাঠাবেন। আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে।

ইসি তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী–৩ সংসদীয় আসনে—১৬ হাজার ৯৩ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বাগেরহাট–৩ আসনে—১ হাজার ৫৯৫ জন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে কুমিল্লা জেলায়, মোট ১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপর রয়েছে ঢাকা জেলা—১ লাখ ৮ হাজার ৭৫৫ জন, চট্টগ্রাম জেলা—৯৫ হাজার ২৯৭ জন এবং নোয়াখালী জেলা—৬১ হাজার ২৫১ জন। অন্য জেলাগুলোতে নিবন্ধন সংখ্যা ৫০ হাজারের নিচে। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বান্দরবান জেলায়, যেখানে সংখ্যা ৪ হাজার ৬৯৫ জন।

যেভাবে পোস্টাল ব্যালটে ভোট দেবেন

নির্বাচন কমিশনের পাঠানো খামে ভোটাররা দুটি ব্যালট পেপার পাবেন—একটি জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের জন্য এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য।

ভোটাররা খামটি পাওয়ার পর প্রার্থিতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। প্রার্থিতা চূড়ান্ত হলে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে লগইন করে নিজ নিজ আসনের প্রার্থীদের তালিকা দেখতে পারবেন। ব্যালট পেপারে কেবল প্রতীক থাকবে, প্রার্থীর নাম থাকবে না।

অ্যাপে তালিকা দেখে ব্যালটে ভোট দিয়ে উভয় ব্যালট নির্ধারিত ফিরতি খামে ভরে নিকটস্থ পোস্ট অফিস বা পোস্টবক্সে জমা দিতে হবে। ডাকযোগে ব্যালট সংশ্লিষ্ট সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে এবং নির্বাচনের দিন তা গণনা করা হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো ব্যালট পেপার গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪