| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৯:১৪:৩৭:পূর্বাহ্ন  |  ১৫৫৮১৬৯ বার পঠিত
দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পোস্টাল ব্যালটসহ একাধিক অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ এনে ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। দাবি আদায় না হলে নির্বাচন কমিশন ভবন সারারাত অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার ইসি ভবনের সামনে সমবেত হয়ে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন যদি তাদের উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়ে গুরুত্ব না দেয়, তাহলে তারা আন্দোলন আরও কঠোর করবে। তার ভাষায়, “আমাদের দাবি উপেক্ষা করা হলে সারারাত এই ভবন ঘেরাও করে রাখা হবে।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল সক্রিয়ভাবে প্রচার কার্যক্রমে অংশ নেবে। রকিবুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয়তাবাদী শক্তিই আগামী নির্বাচনে বিজয়ী হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলের দীর্ঘদিন ধরে সচিবালয় ও নির্বাচন কমিশনে অবাধ যাতায়াত ছিল, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতার জন্য হুমকিস্বরূপ।

ছাত্রদল সভাপতি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচন বানচাল করার চেষ্টা করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। তিনি জানান, আগামী ১২ তারিখের নির্বাচনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হতে থাকেন। স্লোগান ও বক্তব্যের মাধ্যমে তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তিনটি প্রধান অভিযোগ উত্থাপন করেন।

ছাত্রদলের উত্থাপিত অভিযোগগুলো হলো

প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

দ্বিতীয়ত, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করছে।

তৃতীয়ত, বিশেষ রাজনৈতিক দলের সরাসরি প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক বলে দাবি করেছে ছাত্রদল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪