| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেরা সিনেমার স্বীকৃতি পেল ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ ও ‘কুরাক’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২১:১১:২০:অপরাহ্ন  |  ১৫৫১৯১৮ বার পঠিত
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামল

সিনিয়র রিপোর্টার: নান্দনিক চলচ্চিত্র প্রদর্শনী ও মননশীল দর্শকের মিলনমেলার মধ্য দিয়ে পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরমা (পূর্ণদৈর্ঘ্য) বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে আকাশ হক পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। আর এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এরকে ঝুমাকমাতোভা ও এমিল আতাগেলদিয়েভ নির্মিত কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’।

রোববার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানে বিভিন্ন বিভাগের সেরা চলচ্চিত্র ও শিল্পীদের নাম ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট, অ্যালিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রোসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, দেশি-বিদেশি জুরি সদস্য, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ।

এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, বাংলাদেশ প্যানোরমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, রেট্রোস্পেকটিভ, নারী নির্মাতা, শিশু চলচ্চিত্র, শর্ট ও স্বাধীন চলচ্চিত্রসহ মোট দশটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

এশিয়ান ফিল্ম কম্পিটিশনে সেরা চিত্রনাট্যকার নির্বাচিত হয়েছেন কিরগিজস্তানের ‘ওটি (বার্নিং)’ চলচ্চিত্রের জন্য দাস্তান মাদালিয়েভ ও আইজাদা বেকবালায়েভা। সেরা চিত্রগ্রহণ পুরস্কার পেয়েছেন কাজাখস্তানের ‘আবেল’ চলচ্চিত্রের জন্য জোলান্টা ডাইলেভস্কা। একই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন ইয়্যারলান তুলেউতাই। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইরানের ‘শোহার-ই-সেতারেহ (দ্য হাজব্যান্ড)’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ফারিবা নাদেরি।

সেরা দর্শক পুরস্কার অর্জন করেছে চীনা নির্মাতা সিন ঝু পরিচালিত ‘অল কোয়ায়েট অ্যাট সানরাইজ’। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত শেখ আল মামুন পরিচালিত ‘ড্রেইন্ড বাই ড্রিমস’ও দর্শক পুরস্কারে ভূষিত হয়।

শিশু চলচ্চিত্র বিভাগে বাদল রহমান স্মৃতি পুরস্কার পেয়েছে চীনা চলচ্চিত্র ‘চিংতং অ্যান্ড কুইহুয়া’। নারী নির্মাতা বিভাগে বিশেষ পুরস্কার অর্জন করেছে ফিলিপাইনের এডিথা কাদুয়ায়ার ‘সা লিকোদ এনগ সাপা’। সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে ‘লিটল সিরিয়া’।

উৎসবের বাংলাদেশ প্যানোরমা ট্যালেন্ট বিভাগে প্রথম রানারআপ হয়েছে ‘ধেত!’ এবং দ্বিতীয় রানারআপ ‘ইশপিতে’। ফিপ্রেসকি বাংলাদেশ পুরস্কার পেয়েছে ‘হোয়াট ইফ’।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই প্রতিপাদ্য নিয়ে ১০ জানুয়ারি শুরু হওয়া এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপনী সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪