| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৫:০৬:০১:অপরাহ্ন  |  ১৫৪৪৮০১ বার পঠিত
শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়।

সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাসময়ে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার দুপুরে হাইকোর্ট শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন। আগামীকাল ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, নির্বাচন কমিশন শাকসু নির্বাচনের যে অনুমোদন দিয়েছিল, তা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে না। চার সপ্তাহ পর যেকোনো সময় নির্বাচন আয়োজন করা যেতে পারে।

এর আগে গতকাল শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী এ রিট করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

রিট আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। সে প্রেক্ষাপটে শাকসু নির্বাচন আয়োজন আইনসম্মত নয়। উল্লেখ্য, শাকসু নির্বাচনের ভোটগ্রহণ ২০ জানুয়ারি নির্ধারিত ছিল।

এদিকে শাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় সম্প্রতি ১২ ঘণ্টা বাড়ানো হয়। গত রোববার সকাল সোয়া ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনের প্রচারণা ব্যাহত হয়। পরে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয়। প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে প্রচারণার শেষ সময় ১৮ জানুয়ারি রাত ৯টা পর্যন্ত বাড়ানো হয়।

নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা সোমবার রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ পান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪