| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৫ সালে ঢাকার সড়কে ৪০৯ দুর্ঘটনা, প্রাণহানি ২১৯

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ০৮:২৪:৪০:পূর্বাহ্ন  |  ৩৯১২১৬৪ বার পঠিত
২০২৫ সালে ঢাকার সড়কে ৪০৯ দুর্ঘটনা, প্রাণহানি ২১৯
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: ২০২৫ সালে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে মোট ৪০৯টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫১১ জন। নিহতদের মধ্যে পুরুষের সংখ্যা ১৭৬ জন, যা মোট মৃত্যুর ৮০ দশমিক ৩৬ শতাংশ। এ ছাড়া নারী ২৫ জন (১১ দশমিক ৪১ শতাংশ) এবং শিশু ১৮ জন (৮ দশমিক ২১ শতাংশ)।

বুধবার (২১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পথচারী সবচেয়ে বেশি ৪৭ দশমিক ০৩ শতাংশ। মোটরসাইকেল চালক ও আরোহী রয়েছেন ৪৩ দশমিক ৩৭ শতাংশ এবং বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনের চালক ও আরোহী ৯ দশমিক ৫৮ শতাংশ।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা গেছে, রাতে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ৪১ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া সকালে ১৮ দশমিক ৩৩ শতাংশ, বিকেলে ১৩ দশমিক ৪৪ শতাংশ, ভোরে ১১ দশমিক ২৪ শতাংশ, দুপুরে ৯ দশমিক ৫৩ শতাংশ এবং সন্ধ্যায় ৫ দশমিক ৮৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

যানবাহনভিত্তিক হিসাবে দুর্ঘটনায় জড়িত ছিল; ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী যান ৩৫ দশমিক ১৪ শতাংশ, বাস ২৪ দশমিক ৮৭ শতাংশ, মোটরসাইকেল ২১ দশমিক ৫৩ শতাংশ, থ্রি-হুইলার (অটোরিকশা, সিএনজি, লেগুনা) ১১ দশমিক ৮২ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-জীপ ৪ দশমিক ১২ শতাংশ এবং রিকশা ২ দশমিক ৪৮ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, রাজধানীতে যানবাহন ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার কারণে যানজট ও সড়ক দুর্ঘটনা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে রাত ও সকালে দুর্ঘটনার সংখ্যা বেশি।

সংস্থাটি জানায়, বাইপাস সড়ক না থাকায় রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ভারী মালবাহী যান রাজধানীর ভেতরে বেপরোয়া গতিতে চলাচল করে। এতে রাস্তা পারাপারের সময় পথচারীরা বেশি হতাহত হচ্ছেন। পাশাপাশি দীর্ঘ যানজটের কারণে চালকদের মধ্যে অসহিষ্ণুতা ও ধৈর্যহীনতা বাড়ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, যাত্রাবাড়ি, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ক বর্তমানে দুর্ঘটনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে, মেয়াদোত্তীর্ণ ও ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, যানবাহনের তুলনায় অপ্রতুল সড়ক, একই সড়কে বিভিন্ন গতির যান চলাচল, ফুটপাত দখল, পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য ফুটওভার ব্রিজের অভাব, সড়কে সঠিক সাইন ও মার্কিং না থাকা, সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা এবং সড়ক ও যানবাহনে চাঁদাবাজি।

দুর্ঘটনা কমাতে প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য; রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, বাসের জন্য আলাদা লেন চালু, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব বাস সার্ভিস বাধ্যতামূলক করা, অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর বিকল্প ব্যবস্থা, উন্নত গণপরিবহন ব্যবস্থা, যথাস্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ফুটপাত দখলমুক্ত রাখা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, বহুতল পার্কিং স্টেশন নির্মাণ, রেলক্রসিংয়ে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ, রাজধানীর চারপাশে বাইপাস সড়ক তৈরি, সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি এবং গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করা।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪