রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপি প্রার্থীদের নাম ও ছবি প্রকাশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, আগামীকাল থেকে এ কার্যক্রম শুরু হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ঋণখেলাপি প্রার্থীদের নাম, ঋণের পরিমাণ, প্রতিদ্বন্দ্বিতা করা আসন ও ছবি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রকাশ করা হবে। এছাড়া জনগণকে এসব প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান জানানো হবে।
তিনি আরও বলেন, যারা দ্বৈত নাগরিকত্বধারী এবং ক্ষমতায় গেলে সংকটে পড়লে বিদেশে পালিয়ে যেতে পারে, তাদের নির্বাচনে অংশগ্রহণকারীর তথ্যও প্রকাশ করা হবে। আল জাবের বলেন, এই ধরনের প্রার্থীর হাতে রাষ্ট্রের দায়িত্ব দিতে চায় না সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণের সামনে এসেছে একটি ঐতিহাসিক সুযোগ নিজেদের হাতে রাষ্ট্রক্ষমতা গ্রহণের সুযোগ। তিনি বলেন, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষ এই গণভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার অংশীদার হতে পারবে।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, স্বাধীনতার প্রশ্নে জনগণ আর কোনো ছাড় দেবে না। যারা রক্ত দিতে শিখেছে এবং যুদ্ধের ময়দানে নামতে জানে, তাদের পেছনে ফিরে তাকানোর প্রশ্ন নেই।
আব্দুল্লাহ আল জাবের বলেন, “ইনকিলাব মানেই বিপ্লব, ইনকিলাব মানেই সংগ্রাম।” তিনি জোর দিয়ে বলেন, এই সংগ্রাম শুধুমাত্র ইনকিলাব মঞ্চের নয়, এটি বাংলাদেশের জনগণের সংগ্রাম।
তিনি জুলাইকে বাংলাদেশের আজাদির প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, জুলাই মানে সীমান্তের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। যতদিন পর্যন্ত এই জুলাই বাংলাদেশের বাস্তবতায় প্রতিষ্ঠিত না হবে, ততদিন লড়াই চলমান থাকবে।
রিপোর্টার্স২৪/আয়েশা