স্টাফ রিপোর্টার: নতুনধারা বাংলাদেশের (এনডিবি) ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা-এর ইসলামী মূল্যবোধ, পর্দা-হিজাব, দ্বীনি প্রতীক ও উলামায়ে কেরামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত।
সোমবার (২৫ মে) সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতার নামে আল্লাহ, মহানবী (সা.), কুরআন-সুন্নাহ, ইসলামী বিধান ও ধর্মীয় প্রতীক নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তা ফারজানার বক্তব্য দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির ঝুঁকি তৈরি করেছে বলে দাবি করা হয়।
সংগঠনটির মহাসচিব বলেন, এই বক্তব্যের নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী বক্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। মতপার্থক্য থাকলেও অপমানজনক ভাষা, কটূক্তি বা উসকানিমূলক আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। বিভাজন নয়, সংলাপ ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাওলানা রাব্বানী বলেন, রাজনৈতিক মতবিরোধকে কেন্দ্র করে সমাজে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। হজরত ইবরাহীম (আ.) ও হজরত ইসমাঈল (আ.)-এর আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজ জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।