রিপোর্টার্স২৪ ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে বুধবার (১৮ ফেব্রুয়ারি) মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। শপথ নেওয়ার পর দিনই প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা প্রদর্শনের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন। নিজের মন্তব্যে তিনি লিখেছেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।”
তিনি আরও উল্লেখ করেছেন, “বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সব শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।”
নবনির্বাচিত প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, “আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ মানবিক, গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারও আল্লাহর দরবারে সব শহীদের মাগফিরাত কামনা করছি।”
স্মৃতিসৌধ এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, ডগ স্কোয়াড ও বোমা ডিসপোজাল ইউনিটের মহড়া সম্পন্ন করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/আরকে