| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুল ধরিয়ে একসাথে কাজ করলে দেশের অগ্রগতি সম্ভব: মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৯:২৯:০৬:পূর্বাহ্ন  |  ১৩৩২০৪৩ বার পঠিত
ভুল ধরিয়ে একসাথে কাজ করলে দেশের অগ্রগতি সম্ভব: মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পেছানোর উদ্যোগ নেবে নতুন সরকার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং এ বিষয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।

মন্ত্রী আরও জানান, বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু হয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত এগিয়ে নেওয়া হবে। ব্যবসায়ী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার এলডিসি উত্তরণ পেছানোর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রপ্তানির সাম্প্রতিক নিম্নগতি নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানি কাঠামো এখনও সংকীর্ণ। মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশ নির্ভরশীল একটি মাত্র পণ্যের ওপর। তাই রপ্তানিতে বৈচিত্র্য আনা এবং নতুন বাজার সম্প্রসারণে জোর দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। বেসরকারি খাতের বিনিয়োগকারীদের যথাযথ সহায়তা দেওয়াও সরকারের অগ্রাধিকার।

বিশ্ব বাণিজ্যের অনিশ্চয়তার প্রেক্ষাপটে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হঠাৎ ট্যারিফ পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের মার্জিন অব এরোর অত্যন্ত কম তাই ভুল করার সুযোগ নেই। গত কয়েক মাসে মন্থর গতি দেখা গেছে, তা দ্রুত সমাধান করতে সরকার কাজ শুরু করেছে।

রমজানের বাজার নিয়েও মন্ত্রী আশ্বস্ত করেন, সরবরাহ স্বাভাবিক থাকলে বাজার স্থিতিশীল থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ সরকারের হাতে এবং পাইপলাইনে রয়েছে। সিন্ডিকেট বা দাম বৃদ্ধির উদ্বেগকে তিনি এককালীন চাহিদার প্রভাব হিসেবে ব্যাখ্যা করেন, যা দীর্ঘস্থায়ী নয়।

বিনিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনিশ্চয়তার মধ্যে কোনো বিনিয়োগ আসে না। বিনিয়োগকারীরা তখনই এগোবে, যখন স্থিতিশীল পরিবেশ ও প্রত্যাশিত রিটার্ন নিশ্চিত হবে। দেশে বড় কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে প্রতি বছর প্রায় ২০-২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। বিনিয়োগ স্থবির থাকাটা কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি করতে পারে।

রমজান মাস সরকারের জন্য বড় পরীক্ষা হলেও মন্ত্রী আশাবাদী, মানুষের প্রত্যাশা পূরণে সরকার সফল হবে। তিনি গণমাধ্যমসহ সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ভুল ধরিয়ে দিন, একসঙ্গে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪