স্টাফ রিপোর্টার: সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহকারী একান্ত সচিব (এপিএস-২) হিসেবে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতাদি পাবেন এবং যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। চুক্তিভিত্তিক এ নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি-বিধান ও প্রযোজ্য আর্থিক নীতিমালা অনুসরণ করা হবে বলেও জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে আব্দুর রহমান সানির দায়িত্বের মধ্যে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম সমন্বয়, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা, নথিপত্র উপস্থাপন ও অনুসরণ, এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় সহায়তা করা অন্তর্ভুক্ত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কর্মকাণ্ডে এ পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের পর দ্রুতই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।