রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের বদলি বাণিজ্য বা সিন্ডিকেট চলবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ে দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগের মন্ত্রীত্বের সময় আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, এখানে দুর্নীতির কোনো স্থান নেই এবং পাবেও না। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট।
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই পৌঁছে দেওয়া হবে। এছাড়া শিক্ষা কারিকুলাম রিভিউ করে আধুনিকায়ন করা হবে।
নতুন শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, দেশে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল অপরাধ করলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
এছাড়া তিনি বলেন, অতীতে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং অটো পাসের ব্যবস্থা করা হয়েছে; তবে এটি আর হবে না। লক্ষ্য হচ্ছে দুর্নীতি ও অনিয়ম দূর করে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলা।
রিপোর্টার্স২৪/ঝুম