রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন (ইসি) বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী, জন্ম তারিখসহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের সব আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের বদলে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর পরিপ্রেক্ষিতে জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশোধনের জন্য থাকা আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে এবং এখন থেকে এগুলো মহাপরিচালকের অধীনে নিষ্পত্তি হবে।
জরুরি তিন নির্দেশনা:
১. জন্ম তারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি ‘ঘ’-তে উন্নীত করবেন।
৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায়, বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।
নির্বাচন কমিশন জানাচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা অব্যাহত রাখা এবং আবেদন প্রক্রিয়ায় ব্যাঘাত এড়ানো সম্ভব হবে।
রিপোর্টার্স২৪/ঝুম