স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন) সময় আরও তিন বছর স্থগিত করার জন্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিকে (সিডিপি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর স্বাক্ষরিত চিঠিটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিডিপির কাছে পাঠানো হয়েছে। আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সিডিপির বৈঠকে বাংলাদেশের এই আবেদনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকারের প্রিপারেটরি পিরিয়ড মূলত কোভিড-১৯ মহামারির পর পাঁচ বছরের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নির্ধারিত হয়েছিল। তবে এই সময়ে একাধিক বৈশ্বিক সংকট অর্থনীতিকে প্রভাবিত করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি, বিশ্বব্যাপী কঠোর মুদ্রানীতি এবং বৈশ্বিক মন্দার প্রভাব বাংলাদেশের প্রস্তুতি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
সাথে সঙ্গে শিপিং খাতে সরবরাহ বিঘ্ন, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে বিনিয়োগ হ্রাস, রাজস্ব প্রবৃদ্ধির ধীরগতি এবং জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ায় কাঠামোগত সংস্কারের লক্ষ্য অর্জন প্রয়োজনীয় গতিতে হয়নি।
চিঠিতে আরও বলা হয়েছে,এলডিসি উত্তরণের পর বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজনীয় নীতিগত ও অবকাঠামোগত সমন্বয় পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। বিশেষ করে ইউরোপীয় বাজারে জিএসপি প্লাস সুবিধা বজায় রাখার অনিশ্চয়তা এবং প্রধান বাণিজ্য অংশীদারদের নীতিগত পরিবর্তন বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তাই এই ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত সময় প্রয়োজন।
এই প্রেক্ষাপটে সরকার তিন বছরের জন্য একটি ‘ক্রাইসিস অ্যাসেসমেন্ট’ পরিচালনা ও সম্ভাব্য সময় বৃদ্ধি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি বৈঠকের পর প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রস্তুত হতে পারে। এরপর সিডিপি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সেপ্টেম্বরে জানানো হবে।
বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসি তালিকাভুক্ত হয়। এলডিসি থাকার সুবাদে রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে আসছে। ২০১৮ এবং ২০২১ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে বাংলাদেশ তিন সূচকেই উত্তীর্ণ হয় এবং ২০২১ সালে সুপারিশ করা হয় যে, ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ করবে। করোনার কারণে প্রস্তুতির জন্য দুই বছর সময় বাড়ানো হয়েছিল।
রিপোর্টার্স২৪/এসসি