রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাস
সোমবার (২৩ ফেব্রুয়ারি): সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ, সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি): খুলনা বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি): খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছেন, উক্ত এলাকায় মাছ ধরার নৌকোচালক ও মৎস্যজীবীরা এবং খুলনা ও বরিশাল অঞ্চলের জনগণ বজ্রবৃষ্টি ও হালকা তীব্র বৃষ্টির প্রতি সতর্ক থাকবেন।
রিপোর্টার্স২৪/আরকে