| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৪:১১:০৫:অপরাহ্ন  |  ১৩০৬৭৯০ বার পঠিত
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: অপহরণের এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকা থেকে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত শিক্ষার্থী রাজধানীর ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার বাবার মোবাইল নম্বর সংগ্রহ করা হয় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

শিক্ষার্থীর বাবা সচিবালয়ের একজন কর্মচারী। ছেলে অপহরণের খবর পেয়ে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি জানান। অভিযোগ পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুত উদ্ধারের নির্দেশ দেন।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল, সেটি ট্র্যাক করে পুলিশ ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ অব্যাহত রাখে। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবন থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পুলিশের তৎপরতায় অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪