রিপোর্টার্স২৪ ডেস্ক: ছুটির দিনেও স্বস্তি মিলছে না রাজধানীর বাসিন্দাদের। বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর তালিকায় আবারও শীর্ষের কাছাকাছি উঠে এসেছে ঢাকা। শুক্রবার সকালে প্রকাশিত বায়ুগুণমান সূচকে রাজধানীর বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর প্রকাশিত বায়ুগুণমান সূচক (AQI) অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ২৯ মিনিটে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে লাহোর। শহরটির বায়ুর মান সূচক দাঁড়িয়েছে ৪১০, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে।
একই সময়ে ৩৪৯ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এত উচ্চমাত্রার দূষণের কারণে রাজধানীর বাতাসকেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।
তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দুটি বড় শহর কলকাতা ও দিল্লি। শহর দুটির বায়ু মান সূচক যথাক্রমে ১৮৫ ও ১৮৪। এছাড়া ১৭৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু।
আইকিউএয়ার–এর মানদণ্ড অনুযায়ী, বায়ু মান সূচক শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়।
স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর ৩০১-এর বেশি হলে সেই বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম