| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তাভাবনা চলছে: তথ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৬:৪৮:২৪:অপরাহ্ন  |  ১১৭৯৮২১ বার পঠিত
তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তাভাবনা চলছে: তথ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্য মন্ত্রণালয়কে কার্যকরভাবে পরিচালনা করতে বিশেষজ্ঞ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বারবার মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবর্তনের কারণে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা গড়ে ওঠে না। ফলে সংশ্লিষ্ট খাতে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কিছু মন্ত্রণালয়ে জনসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ জ্ঞান অপরিহার্য, যা আলাদাভাবে অর্জন করতে হয় এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তা চর্চা করা প্রয়োজন। কিন্তু বাস্তবে এসব উদ্যোগ যথাযথভাবে নেওয়া হয় না, ফলে নানা ধরনের ভুল-বোঝাবুঝি তৈরি হয়।

তিনি জানান, তথ্য মন্ত্রণালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর বিষয়ে সরকারের মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী মানুষের অবাধ তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। বর্তমান সময়ে শুধু অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নয়—তথ্যপ্রযুক্তির সুবিধাও মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলেও যদি তারা ইন্টারনেট ও স্মার্টফোনের সুবিধা থেকে বঞ্চিত হয়, তবে নতুন প্রজন্ম তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের ভেতরে বিদ্যমান নানা কাঠামোগত সমস্যাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তথ্য মন্ত্রণালয়কে কার্যকর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে রূপ দিতে হলে সরকারের ডিজিটাল সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে সাইবার ঝুঁকি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরাপদভাবে মানুষের কাছে সেবা পৌঁছে দিতে হবে। এ জন্য জনবল কাঠামোর মধ্যে আরও বেশি প্রযুক্তিবিদ অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন সমস্যার বিষয়েও সরকার অবগত রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, এসব সমস্যা লিপিবদ্ধ করা হচ্ছে এবং শিগগিরই সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, এটি তথ্য মন্ত্রণালয় নাকি শ্রম মন্ত্রণালয়ের এখতিয়ার—তা স্পষ্ট না থাকায় বিষয়টি জটিল হয়ে রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সারোয়ার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর নেতৃত্বে ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন সোহেলসহ দেশি-বিদেশি কূটনীতিক ও সাংবাদিক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম. এম. বাদশা।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪