রিপোর্টার্স২৪ ডেস্ক: খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতই প্রভাবশালী হোক না কেন, খাল দখলকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এসব কাজে দুর্নীতির কোনো সুযোগ নেই।
সোমবার (১৬ মার্চ) চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুব একটা স্বস্তিকর নয়। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। তবুও সরকার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জ্বালানি সংকটের মধ্যেও সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, দেশের প্রান্তিক মানুষের কল্যাণের কথা বিবেচনা করেই খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও মৎস্য খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন-এর উদ্যোগে বামনসুন্দর এলাকার আলিরপোল থেকে বানাতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
এই প্রকল্প বাস্তবায়নের ফলে সরাসরি উপকৃত হবেন স্থানীয় কৃষকরা। এর মাধ্যমে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার।
রিপোর্টার্স২৪/ ঝুম