রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি উপলক্ষে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ঢাকার থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও কোনো রকম ভোগান্তি বা যানজটের খবর নেই, যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন।
সকালের পর থেকে মহাসড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে, তবে দেশের লাইফলাইন এই মহাসড়কে চলাচল করছে সুশৃঙ্খলভাবে।
ঢাকা থেকে কুমিল্লায় ছেড়ে আসা এশিয়া এয়ারকন বাসের যাত্রী আসাদুল ইসলাম জানান, ঢাকার ভেতরে সামান্য জ্যাম ছিল। কিন্তু বাইরে বের হওয়ার পর কোনো যানজট নেই। কুমিল্লায় পৌঁছতে আড়াই ঘণ্টা সময় লেগেছে।
চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসা তিশা বাসের যাত্রী জামালহক বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। খুবই স্বস্তিতে কম সময়ের মধ্যে কুমিল্লায় পৌঁছেছি।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের ২৭টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম জানান, মহাসড়কে দুই সহস্রাধিক পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন। “আজ ঈদযাত্রার প্রথম দিনে কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। আশা করছি পুরো ঈদযাত্রা স্বস্তিতে হবে,” তিনি বলেন।
রিপোর্টার্স২৪/ঝুম