রিপোর্টাস২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে একের পর এক হত্যাকাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রায়েরবাজারে এক যুবক হত্যার ঘটনার মাত্র চার দিনের ব্যবধানে আবারও একই এলাকায় আরেক যুবককে হত্যা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকার সাদেক খানের ইটখোলা সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবকের নাম আসাদুল হক (২৮)। স্থানীয়দের কাছে তিনি ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার কালনা গ্রামের জলিল সর্দারের ছেলে। বর্তমানে তিনি মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগের দিকে যাচ্ছিলেন আসাদুল। পথে সাদেক খানের ইটখোলা এলাকায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দিলে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের শরীরের বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে কারা বা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে।
এদিকে টানা দুইটি হত্যাকাণ্ডে মোহাম্মদপুর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/ঝুম