| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে চিরুনি অভিযান, বসিলায় অতিরিক্ত এপিবিএন মোতায়েন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ০৬:৪৮:৫৯:পূর্বাহ্ন  |  ২৫২ বার পঠিত
মোহাম্মদপুরে চিরুনি অভিযান, বসিলায় অতিরিক্ত এপিবিএন মোতায়েন

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চলমান চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর পুরো এলাকাকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাতে মোহাম্মদপুরে অভিযান চলাকালে সাংবাদিকদের তিনি বলেন, রায়েরবাজার, জেনেভা ক্যাম্প, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পর্যায়ক্রমে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। কখনো একযোগে, আবার কখনো ধাপে ধাপে এসব অভিযান চালানো হচ্ছে।

গত এক সপ্তাহে রায়েরবাজার এলাকায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিসি। তিনি বলেন, এসব অভিযানে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিতভাবে কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসিলা এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে দুই প্লাটুন, অর্থাৎ ৬৬ জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ভবিষ্যতে পুলিশের সঙ্গে যৌথভাবে সব অভিযানে অংশ নেবেন।

ডিসি ইবনে মিজান বলেন, রায়েরবাজার ও বেড়িবাঁধ এলাকায় অপরাধে জড়িতদের একটি বড় অংশ ভাসমান। তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসে বসবাস করে এবং নির্দিষ্ট পেশা না থাকায় অনেকেই অপরাধে জড়িয়ে পড়ে। এদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যরাও রয়েছে। তাই বৈধভাবে জীবিকা নির্বাহ না করলে এলাকা ছাড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বসিলার অস্থায়ী পুলিশ ক্যাম্পকে শক্তিশালী করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এটিকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হতে পারে। পুলিশের এই কঠোর অবস্থানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪