| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১২:৪০:৫০:অপরাহ্ন  |  ৭০১ বার পঠিত
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

রিপোর্টার্স ২৪ ডেস্ক: জুলাই আন্দোলনকালীন হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক-এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই আদেশ দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। পরে মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় এই মুহূর্তে খায়রুল হকের কারামুক্তি হচ্ছে না।

এর আগে গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ চার মামলায় তাকে জামিন দেন। পরবর্তীতে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি মামলাতেও তিনি জামিন পান। এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

তবে এরই মধ্যে নিম্ন আদালতে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। একই সঙ্গে প্লট জালিয়াতির অভিযোগে দুদকও পৃথক একটি মামলা করে।

নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে তাকে জামিন প্রদান করেন, যা আপিল বিভাগ বহাল রাখল।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর তিনি একাধিকবার আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


রিপোর্টার্স ২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪