রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা পূর্ব থানার এক হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৩ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে ২৭ এপ্রিল দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।
পুলিশ জানায়, গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় ছাত্র-জনতার একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম