| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালিবাগে ছিনতাইকারীদের হামলায় ৩ পোশাক শ্রমিক আহত

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০৪:৪৫:৫৬:পূর্বাহ্ন  |  ১৭৯১ বার পঠিত
মালিবাগে ছিনতাইকারীদের হামলায় ৩ পোশাক শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ছিনতাইকারীদের হামলায় তিন পোশাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন করিমন, নবী ও রিফাত। তাদের মধ্যে করিমন ও রিফাত মালিবাগ বাজার রোডের একটি গেঞ্জি তৈরির কারখানায় কাজ করেন ও সেখানেই থাকেন। অপর আহত নবী নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক।

আহতদের পরিচিত মাহফুজুর রহমান জানান, শ্রমিক দিবস উপলক্ষে কারখানা বন্ধ থাকায় তারা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যার দিকে মালিবাগ রেলগেট এলাকায় হাসপাতালের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত করিমনের ওপর হামলা চালিয়ে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, চিৎকার শুনে আশপাশের লোকজন একজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। পরে পালিয়ে যাওয়া দুর্বৃত্তরা আরও কয়েকজন সহযোগী নিয়ে ফিরে এসে অপর দুই শ্রমিককে ছুরিকাঘাত করে এবং আটক সঙ্গীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঘটনাটি নিয়ে হাতিরঝিল ও রামপুরা থানার মধ্যে সীমান্ত জটিলতার বিষয়ও সামনে এসেছে। জানা গেছে, মালিবাগ রেলগেট এলাকায় ইবনে সিনা হাসপাতালের সামনের অংশ হাতিরঝিল থানার আওতাধীন, আর সড়কের বিপরীত পাশের ফুটপাত রামপুরা থানার অন্তর্ভুক্ত।

রাতে যোগাযোগ করা হলে হাতিরঝিল থানা পুলিশ জানায়, তারা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। একই ধরনের বক্তব্য দিয়েছে রামপুরা থানা পুলিশও।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪