স্টাফ রির্পোটার : আসন্ন ঈদকে সামনে রেখে এবারও চলছিল জাল নোট ছাপানোর কাজ। খবর পেয়ে রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির পর বিক্রি করে আসছে একটি চক্র। জাল নোট কেনাবেচার খবরে প্রথমে উত্তরায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় সক্রিয় জাল নোট চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। তার দেয়া তথ্যে বুধবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং ছাপানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। এতে চক্রের আরও দুজন সদস্য দুলাল ও মামুনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, ‘চক্রটি কুরবানির ঈদকে সামনে রেখে ৩৪ লাখ টাকার বেশি জাল নোট ছাপিয়েছে। যা ঢাকার বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল। এরইমধ্যে মার্কেটে বিপুল সংখ্যক জাল নোট ছড়িয়ে দিয়েছে চক্রটি।’
তিনি আরও বলেন, ‘ হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে। তবে লেনদেনে সবাইকে আরও সতর্ক হতে হবে।
রিপোর্টার্স২৪/ফয়সাল