রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় ওই দিনের সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।
এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পলক। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
গত ২৬ এপ্রিল মামলার পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। ওই দিন তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে গত ১৯ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।
প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে বলা হয়েছে, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান পলক। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা।
এ ছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেওয়া এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, এসব ঘটনায় রাসেল ও মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন। পাশাপাশি রাজধানীর উত্তরা এলাকায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।
চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নেন একই আদালত।
রিপোর্টার্স২৪/ঝুম