| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরব দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ০২:৪৯:০৮:পূর্বাহ্ন  |  ১৩৭ বার পঠিত
আরব দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকটি আরব দেশের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে ইরানকে ঘিরে “গুরুত্বপূর্ণ আলোচনা” চলছে এবং একটি সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার (১৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি সামরিক হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, তাকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের জন্য “খুবই গ্রহণযোগ্য” একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।

একইসঙ্গে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, যদি গ্রহণযোগ্য কোনো সমঝোতা না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যেকোনো সময় “পূর্ণমাত্রার বড় হামলা” চালাতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধে আলোচনা কার্যত অচল হয়ে পড়েছে এবং সমাধানের সময় দ্রুত ফুরিয়ে আসছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।

পরবর্তীতে এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের নিয়ন্ত্রণ ও চলাচলে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

অন্যদিকে, ইরানের ওপর চাপ বাড়াতে দেশটির বিভিন্ন বন্দর অবরোধ করে রেখেছে যুক্তরাষ্ট্র বলেও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪